জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম দুদককে জানিয়েছেন, ৫ আগস্ট নেটওয়ার্ক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি সম্পূর্ণভাবে পরিবর্তন না করায় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
তিনি আরও জানান, অনভিজ্ঞ থার্ড পার্টি প্রতিষ্ঠান আমানত এন্টারপ্রাইজ দ্রুত কাজ শেষ করায় কিছু কারিগরি বিচ্যুতি থেকে গেছে, যা পরবর্তীতে সমস্যার সৃষ্টি করে।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক মুখপাত্র আক্তার হোসেন বলেন, তদন্তের প্রয়োজনেই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানিয়েছে এ দুদক কর্মকর্তা।
দুদকের অভিযোগ, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে স্থাপিত সাউন্ড সিস্টেমে বড় ধরনের অনিয়ম হয়। পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগ ওঠায় গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক।