বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এমন গণহত্যার ঘটনাগুলোর বিচারেও কাজ করবে বর্তমান সরকার।
শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বর শহিদদের স্মরণে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জাতীয় সংসদসভার প্রথম দিনে শাপলা গণহত্যার শহীদদের স্মরণ করে সকল অপরাধীদের ছাড় না দেবার বার্তা দিয়েছে।
তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচার ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দুইদিন হরতালের ডাক দিয়েছিল বিএনপি।
এদিকে শাপলা চত্বরের সমাবেশকে সার্বজনীন গণমানুষের সমাবেশ উল্লেখ করে শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মওলানা মামুনুল হক শাপলা হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতির দাবি করেন।
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, শাপলা চত্বরের সকল ইতিহাস মুছে ফেলতে কাজ করেছে ফ্যাসিবাদী সরকার।
শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলি কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির আব্দুল কাইয়ুম সোবহানী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।