দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। 

নতুন এই দাম আগামীকাল ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।  

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিনের দাম ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে ৫টাকা।

সবশেষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ও  কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এই নির্ধারিত মূল্যহারেই বর্তমানে দেশে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।