পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে দীপেন দেওয়ান পদত্যাগের আবেদন করেন।

রাঙামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা যেন ব্যাহত না হয়, সেই জন্য তিনি এই পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন। 

দীপেন দেওয়ানের এই পদত্যাগপত্র মন্ত্রীপরিষদ সচিব গ্রহণ করেছেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দীপেন দেওয়ান। তিনি মোট ৩ মাস ১৫ দিন ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।