দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১) এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।
তিনি আরও জানান, নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ খালি রয়েছে।
এ ছাড়া সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি স্বাস্থ্যকর্মীর পদের বিপরীতে ৮ হাজার ৭৮৪টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে সংসদে চট্টগ্রাম-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আশ্বিন মাসে কুকুরে কামড়ানোর প্রবণতা একটু বেশি থাকে। এরপরও পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ থাকায় এই সময়ে ভ্যাকসিনের কোনো অভাব হবে না।
জহিরুল ইসলামের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশব্যাপী ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনো কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আমরা সারাদেশে প্রত্যেকটা ভ্যাকসিনের তিন স্তরে স্টক রেডি রেখেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন রেখেছি। জেলাগুলোতেও স্টক রাখা হয়েছে।