পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।
রোববার (১৪ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আকতারুল ইসলাম বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকে ছয়টি অভিযোগ রয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি ‘নীল’ বা ‘লাল’ পাসপোর্ট গ্রহণ করেননি। বরং তিনি পরিচয় গোপন করে ও ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই দুই অভিযোগেই তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিলো দুদক।
দুদকের ইতিহাসে রেড নোটিশের মাধ্যমে কোনো আসামি গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম।