প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশগ্রহণ এবং ফোরামে একটি মূল প্রবন্ধ প্রদান করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এ সফরের মাধ্যমে দুই নেতার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে।
ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে অধিকতর বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা কাল্লাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন, যাতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেন এবং ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয়ে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
এছাড়া, প্রস্তাবিত বাংলাদেশ–ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও মতবিনিময় করেন।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।