তরুণ উদ্যোক্তাদের ব্যাংক ভোগান্তি দূর করা হবে: প্রধানমন্ত্রী

দেশীয় স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংকের ভোগান্তি দূর করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড থেকে পাঁচ লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত তহবিল সহযোগিতা দেওয়া হবে। এমনকি কোনো উদ্যোক্তা প্রথমবার ব্যর্থ হলেও যদি তার আইডিয়ায় সম্ভাবনা থাকে, তবে তাকে দ্বিতীয়বারও অর্থসহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‌‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নতুন উদ্যোক্তাদের মূলধনের জোগান ও প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করার বিষয়ে জোর দিয়ে সরকারপ্রধান বলেন, আমরা চিন্তা করেছি, এমন অনেক উদ্যোক্তা থাকেন যাদের ব্যাংকের হ্যাসেল, সিকিউরিটি বা নানা কাগজের জটিলতা ফেস করতে হয়। তরুণদের যেন এই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি, তারাই স্বচ্ছতার সঙ্গে বিষয়টি দেখভাল করবেন।

প্রধানমন্ত্রী আরও জানান, ব্যাংক লোন সহজ করাসহ তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার। পাশাপাশি দেশীয় স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে যেসব নীতি সহায়তা প্রয়োজন, সে ব্যাপারেও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে।

তহবিলের অপচয় রোধ ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রসঙ্গে আরেকটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপে যে হেল্প বা সহায়তা করা হবে, সেটি মূলত পাবলিক মানি।  তাই এর সঠিক ব্যবহার জরুরি। তবে অনেকের ব্যবসা শুরুতেই ভালো নাও করতে পারে। প্রথমবার ব্যর্থ হলেও যদি প্রকল্পটির মাঝে পটেনশিয়াল বা সম্ভাবনা থাকে, তবে দ্বিতীয়বারও ফান্ডের বিষয়টি চিন্তা করা হবে। উদ্যোক্তারা যেন সম্ভাবনা থাকা সত্ত্বেও ঝরে না পড়েন, সরকার সেই সুযোগটি দেবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আসা স্টার্টআপের নতুন নতুন ধারণা ও ইনোভেশন নিয়েও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান। তিনি তরুণদের নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহবান জানান।