দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মানবদেহের জন্য ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও)-এর একটি সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশে বাজারজাত করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার তথ্য উঠে আসে।
গবেষণার এই উদ্বেগজনক তথ্য প্রকাশের পর টুথপেস্টে ক্ষতিকর রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত আজ তদন্ত কমিটি গঠনের এই নির্দেশ দিলেন।