স্বাস্থ্যসেবা সহজলভ্যে সততার সঙ্গে কাজের আহবান স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ওষুধ, রোগনির্ণয় সেবা ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করতে না পারার পেছনে কেবল অর্থের ঘাটতিই একমাত্র কারণ নয়; বরং প্রশাসনিক ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতাও বড়ো চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। গবেষণায় উঠে আসা এই তথ্যের দিকে ইঙ্গিত করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়াতে নির্দেশ দেন।

পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আগে সঠিক পরিকল্পনা ও কার্যকারিতা বিবেচনা না করেই স্বাস্থ্যখাতে প্রচুর যন্ত্রপাতি কেনা হয়েছিলো, যার ফলে সরকারি অর্থের অপচয় ঘটেছে। এই ধরনের অপচয় বন্ধ করে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।