চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে না পারলে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার (২২ আগস্ট) বিকেলে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অতি শিগগিরই আইনের আওতায় আনতে হবে। এতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ বা সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। এ হামলার ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।