গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ঘোষণা দিয়েছেন, আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড দেখে দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
একই সঙ্গে তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, আগুন লাগিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে’।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে ‘তৈরি পোশাক শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে’ একটি সাধারণ আলোচনার প্রস্তাব আনেন। ওই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী মিছিল নিয়ে প্রথমে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা চালান এবং থানা চত্বরে থাকা একাধিক গাড়িতে আগুন দেন। এরপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতেও আগুন ধরিয়ে দেন তাঁরা।
এই খবর প্রকাশের পর সংসদে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতা চলছে এবং মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা হয়েছে, অথচ সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা গত কয়েক দিনে ‘মেসেজ’ বা বার্তা দিচ্ছেন। এটাই আওয়ামী লীগের আসল চরিত্র এবং আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের পুরোনো স্বভাব বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র আবার নতুন করে উন্মোচিত হয়েছে। তারা চাইছে সরকার যেন আওয়ামী কায়দায় রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। কিন্তু বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণ এই দেশে আর কোনো রকম রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না। আমরা তাদের কায়দায় চলতে চাই না। আমাদের নীতি হলো- একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জন অপরাধীর বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব। কোনো মিছিল-মিটিংয়েও যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি।
তবে রাষ্ট্রীয় স্থাপনা ও জনপ্রতিনিধিদের ওপর হামলার বিষয়ে কোনো ছাড় হবে না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যদি কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়, সে ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি। সাধারণ মানুষ বুঝুক, দেশের মানুষ বুঝুক আওয়ামী লীগ কী চায়।
আওয়ামী লীগের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব, আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।
গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, কিছু দুষ্কৃতকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে, সেই পাতা ফাঁদে যেন সাধারণ মানুষ পা না দেন। যারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় আক্রমণ করার আহ্বান জানিয়েছেন, তাদের সতর্ক করে তিনি বলেন, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ ও অডিও আমাদের কাছে নেই, তাহলে তারা ভুল করবে। আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে।
পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি এ দেশে আর কখনোই গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণহত্যা চালানোর মাধ্যমে তারা সেই নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছে। বিদেশে পালিয়ে থাকা নেতাদের ‘ডিসেম্বরে ফিরে আসার’ হুঙ্কার প্রসঙ্গে ব্যঙ্গ করে তিনি বলেন, মাঝেমধ্যে ডিসেম্বরে আসব বলছে। ‘আসিব আসিব’ বলিয়া বাংলাদেশে তাদের যে নেতাকর্মীরা এখনো বনজঙ্গলে পালিয়ে আছে, তাদের যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এটা তাদের বোঝা উচিত। সআওয়ামী লীগ নিয়ে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না জানিয়ে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন যে, পালিয়ে আশ্রয় নেয়া তথাকথিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।
সংসদে আলোচনার মূল বিষয় তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গেও বিস্তারিত বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষের পেছনে অন্য একটি পক্ষের গভীর উসকানি রয়েছে। সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে। আলোচনায় শ্রমিকেরা কাজে ফিরে যাওয়ার এবং মজুরি বোর্ডের মাধ্যমে নির্ধারিত নতুন মজুরি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি জানান।
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের শতভাগ সমর্থন রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। প্রয়োজনের তাগিদে সামান্য টিয়ার গ্যাস ব্যবহার করা হলেও শ্রমিকদের ওপর কোথাও কোনো গুলি চালানো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, শ্রমিক আন্দোলনের নাম করে কারা নিরীহ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তা এখন দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে।
১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনা চলছে
টুঙ্গিপাড়ায় থানার পর এমপি জিলানীর বাড়িতে আগুন
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর
টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
চলতি মাসেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন: বিজিএমইএ সভাপতি
সাঈদ খোকন সাত দিনের হেফাজতে পেলো ডিবি
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ