নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহতদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান তিনি।
ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি বাংলাদেশের মানুষের গভীর সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে।
এ সময় তিনি জানান, এখন পর্যন্ত নেপালে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত হলে বাংলাদেশকে অবহিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য নেপাল সরকারের সহায়তা কামনা করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই কঠিন সময়ে নেপাল সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই কঠিন সময়ে বাংলাদেশের উষ্ণ সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে সুনির্দিষ্ট কোনো সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশকে জানানো হবে।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।