দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদ ভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার পাশাপাশি সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন বিএনপির জেষ্ঠ্য নেতা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার, জাতীয় সংসদে নিজের নির্ধারিত কার্যালয়ে উপস্থিত হয়ে নথি পর্যালোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব পালন শুরু করেন। পরে তিনি অধিবেশনে যোগ দেন।

Mirza Abbas 05
এদিন সকালে সংসদ ভবনে পৌঁছালে তাঁর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দাপ্তরিক কাজ শুরুর পর তিনি উপস্থিত সকলের কাছে তাঁর নতুন দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে যোগ দেন। শারীরিক অসুস্থতার কারণে হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন এই বর্ষীয়ান রাজনীতিক।

অধিবেশন কক্ষে মির্জা আব্বাসের উপস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, মির্জা আব্বাস দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগত জানাচ্ছি। স্পিকারের সম্ভাষণের জবাবে মির্জা আব্বাস হাত তুলে সালাম জানান এবং উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরাও তাঁকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

Mirza Abbas 01
পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাসকে দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেয়া হয়।

Mirza Abbas 02
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত পৌনে ১০টায় তিনি দেশে প্রত্যাবর্তন করেন এবং পরদিনই সংসদে নিজের কার্যালয়ে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় ও সংসদীয় কার্যক্রমে যুক্ত হন।