লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিপজ্জনক প্রবণতা বন্ধে দেশটির সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ইতিমধ্যে এই বিষয়ে ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে একাধিকবার আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মাদারীপুরসহ দেশের ১৪টি জেলাকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব অঞ্চলে সক্রিয় আন্তর্জাতিক দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, মানবপাচারের সঙ্গে যুক্ত স্থানীয় ও আন্তর্জাতিক চক্রের তথ্য সংগ্রহ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে হবে।
আন্তর্জাতিক জোটে যোগদানের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, মকা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের জনগণের সার্বভৌম স্বার্থ, অর্থনীতি ও নীতি বিবেচনা করেই যেকোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারতকে চুক্তি ও আইনি প্রক্রিয়ায় দণ্ডিতদের ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। ফেরত পাঠানো মাত্রই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় মাদারীপুরের বিভিন্ন সংসদীয় আসনের প্রতিনিধি ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।