ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা নির্বাচন কতোটুকু ভালো বা খারাপ করলাম, তা প্রমাণ হবে নির্বাচনের ফলাফলের ওপর। একই সঙ্গে নির্বাচন আয়োজনে কমিশন থেকে কোনো বেআইনি সিদ্ধান্ত যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন জানান, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় নির্বাচনে এক পরিবার থেকেই একাধিক প্রার্থী নির্বাচন করতে পারবেন। সেখানে সহিংসতার ঝুঁকি ও প্রতিযোগিতা বেশি থাকে বলে এটিকে একটি বডড়ো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে সিইসি বলেন, এই পরিস্থিতি নতুন কিছু নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। সিইসি বলেন, সংসদ নির্বাচনে আমাদের প্রশাসন প্রমাণ করেছে তারা ফ্রি-ফেয়ার ইলেকশন করতে পারে।
পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে পর্যাপ্ত সিসি ক্যামেরা, বডিওর্ন ক্যামেরা এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্যদের প্রশিক্ষণসহ বাজেট সঙ্কটের বিষয়গুলোও তদারকি করা হচ্ছে। গণমাধ্যম ও সাংবাদিকদের সহযোগিতাও এ সময় কামনা করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রচলিত আইন অনুযায়ী কেউ প্রার্থী হিসেবে যোগ্য বিবেচিত হলে তিনি নির্বাচন করতে পারবেন।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় হলেও বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ এখন শতভাগ সফল বলে তিনি মন্তব্য করেন।