স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকারের পক্ষ থেকে জানুয়ারি থেকে জুনের মধ্যে ভোটের যে সম্ভাবনার কথা বলা হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি ভবিষ্যতের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্যে জানান। পাশাপাশি ইসি ও ইউনেসকোর যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন ইসি সচিব।
তিনি জানান, নির্বাচনে অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তি, পুলিশ এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে ইসি। তিনি বলেন, ইউনেসকোর সঙ্গে এক প্রাথমিক আলোচনায় এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
ইসি সচিব বলেন, ইউনেসকোর প্রতিনিধির সঙ্গে ব্যালট প্রজেক্ট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিভিন্ন স্তরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও সেই তালিকায় রয়েছেন। মূলত অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণে কীভাবে সমন্বিতভাবে কাজ করা যায়—এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, কমিশন এখনো নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেনি। তবে সরকারের প্রতিমন্ত্রী শাহে আলম যেহেতু জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা উল্লেখ করেছেন, তাই নির্বাচন কমিশন একটি রেফারেন্স পেয়েছে। বিষয়টি কমিশনের পরবর্তী বৈঠকে উত্থাপন করা হবে বলে জানান তিনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, তা ভবিষ্যতের পরিস্থিতির ওপর নির্ভর করবে এবং সময়ে জানা যাবে।
