রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল, হস্তক্ষেপ ডেপুটি স্পিকারের

ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে সংসদে আলোচনার সময় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিলটি স্থায়ী কমিটি দ্বারা বিবেচনার জন্য উত্থাপন করলে এ নিয়ে বক্তব্য দেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।

রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তার মাইক বন্ধ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ ঘটনায় পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তবে সংসদকে নাট্যমঞ্চে পরিণত না করে ঐক্য ধরে রেখে আইনপ্রণেতার মতো বক্তব্য দেওয়ার আহ্বান জানান চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

একই আহ্বান জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শেষ পর্যন্ত হট্টগোলের মধ্যেই ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬-এর সংশোধিত বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।