চলতি মাসে মিলছে না রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হচ্ছে না। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে 'ইনোভেশন ফেয়ার' উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক কারিগরি পরিস্থিতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, রিয়্যাক্টরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা যন্ত্রাংশ পিওআরবি (প্রেসারাইজার ওভারপ্রেসার প্রটেকশন সিস্টেম)-র তিনটি ভালভের মধ্যে দুটি ভালভ গত দেড় মাস ধরে কাজ করছে না। 

তিনি বলেন, বিষয়টি শুধু আমাদের নিরাপত্তার বিষয় নয়, এটি নির্মাতা রুশ কোম্পানির সুনামের সঙ্গেও জড়িত। বর্তমানে রাশিয়ার প্রকৌশলী ও বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে ভালভ দুটি মেরামতের কাজ করছেন।

সম্প্রতি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া আগুনের ঘটনার বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিলো। আগুনে কিছু আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া সমস্ত নথিপত্রের নিরাপদ ব্যাকআপ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এই আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দামের বিষয়ে মন্ত্রী জানান, খুব দ্রুতই রূপপুরের বিদ্যুতের প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হবে।

এর আগে ইনোভেশন ফেয়ার প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী এই মেলার শুভ উদ্বোধন করবেন। উদ্ভাবনের সঙ্গে নীতি নির্ধারণ, শিল্পখাতের বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারের সুযোগের সংযোগ ঘটানোই এই মেলার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।