ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রয়োজনে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য দেশের জনগণের প্রতি আহবান জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে ও রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারেক রহমান দেশের সব মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণের অঙ্গীকার করেছেন এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুষ্টির অভাব এবং অতীতের ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে শিশুরা হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপক আকারে টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় বছর বয়সী সব শিশুকে নিজ নিজ বাড়ি থেকে এনে টিকা দেওয়া নিশ্চিত করতে আমি দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
দেশে ডেঙ্গুর বর্তমান প্রাদুর্ভাব নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গুর বাহক মশার বিস্তার রোধে প্রত্যেকের বাড়ির আঙিনা, ফুলের টব ও টায়ারে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার তাগিদ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি শক্তিকে প্রতিরোধ করে দেশ স্বাধীন করেছিলো এবং ২০২৪ সালে যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল, ঠিক সেভাবেই এখন আমাদের ডেঙ্গুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘ফ্রি মেডিক্যাল হেলথ কার্ড’ বিতরণ করেন। পরে তিনি পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
আয়োজিত সভায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফুদ্দিন বকুল ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।