সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ বছরের যে কোনো একটি পূর্ণ বছরের মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
রোববার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির ভিত্তিতে মামলা নিষ্পত্তি ও বিচারাধীন মামলার চিত্র নিচে তুলে ধরা হলো:
মাসিক ও প্রান্তিক অগ্রগতি: ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার ৯৫০টি করে মামলা নিষ্পত্তি হয়েছে। তথ্যানুযায়ী, বছরের প্রথম কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) ৭ হাজার ৭৩৯টি, দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল-জুন) ২৭ হাজার ৫৬০টি, জুলাই মাসে ৩২ হাজার ২১১টি এবং আগস্ট মাসে ২০ হাজার ৮৬টি মামলা নিস্পতি করা হয়। অর্থাৎ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে উক্ত চার দফায় যথাক্রমে ২২ হাজার ৯৯৯টি, ২৭ হাজার ৮০৩টি, ১০ হাজার ২৩২টি এবং ১৩ হাজার ৫৭৩টি নতুন মামলা দায়ের করা হয়েছিল।
বিগত বছরের তুলনামূলক চিত্র: প্রেস বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, ২০২১ সালে ২৩ হাজার ৬৫৪টি, ২০২২ সালে ৮৭ হাজার ৪৭৪টি, ২০২৩ সালে ৭৪ হাজার ২৭৮টি, ২০২৪ সালে ৩৮ হাজার ২৯৭টি এবং ২০২৫ সালে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছিল। ফলে দেখা যাচ্ছে, ২০২৬ সালের প্রথম মাত্র আট মাসের নিষ্পত্তির সংখ্যা বিগত যেকোনো পূর্ণ বছরের নিষ্পত্তির চেয়ে বেশি। বিশেষ করে ২০২৫ সালের পুরো বছরের তুলনায় এটি ইতিমধ্যে ৩১ হাজার ৮৪০টি বেশি।
জট কমানোর সাফল্য: ২০২৬ সালের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগে বিচারাধীন মোট মামলার সংখ্যা ছিল ৬ লক্ষ ৫৯ হাজার ২৫৬টি। প্রথম আট মাসে নতুন মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি হওয়ায় গত ৩১শে আগস্ট পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৬ হাজার ২৭৬টিতে। অর্থাৎ চলতি বছরের প্রথম আট মাসেই জট থেকে ১২ হাজার ৯৮০টি বিচারাধীন মামলা কমে এসেছে।
এই গতি অব্যাহত থাকলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দীর্ঘদিনের বিচারাধীন মামলার জট আরও দৃশ্যমান হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে।