পুলিশের ডিআইজি পদে বড় রদবদল, বদলি পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলেওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।

ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রোরেল)-এর ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।