ভিয়েতনামের ভিসা সহজ করার আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের সুবিধার্থে ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনামের সঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উভয় দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন। আর এ জন্য বিদ্যমান ভিসা ব্যবস্থা সহজ করা জরুরি।

রাষ্ট্রপতি দুই দেশের বাণিজ্যকে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করতে বাংলাদেশে তৈরি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল এবং পাট ও পাটজাত পণ্য ভিয়েতনামকে আরও বেশি পরিমাণে আমদানির আহবান জানান। ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম সফরের স্মৃতিচারণও করেন তিনি।

বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূত ঢাকা ও হ্যানোয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন এবং উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সে দেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি ভিয়েতনামের রাষ্ট্রদূতের সফল কর্মকাল ও সম্পর্কের উন্নয়নে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাতকালে বঙ্গভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।