সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার পদমর্যাদার ব্যক্তিদের নতুন মূল বেতন আলাদাভাবে সুনির্দিষ্ট করা হয়েছে।
ঘোষিত এই নতুন স্কেলে গ্রেড ভেদে প্রারম্ভিক মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সরকারি চাকরিজীবীদের আর্থ-সামাজিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।
নতুন বেতন স্কেল পর্যালোচনায় দেখা যায়, প্রথম থেকে একাদশ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ বা ১০০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে দ্বাদশ থেকে বিংশতম গ্রেড পর্যন্ত নিম্নপদের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত উন্নীত করা হয়েছে।
সর্বোচ্চ পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের নির্ধারিত মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। একইভাবে সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের মূল বেতন ৮২ হাজার টাকার জায়গায় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
প্রজ্ঞাপনে উল্লেখিত ২০টি গ্রেডের মধ্যে ১ম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা, ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা, ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা এবং ৪র্থ গ্রেডে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে। পরবর্তী গ্রেডগুলোর মধ্যে ৫ম গ্রেডে ৮৬ হাজার টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার টাকা, ৭ম গ্রেডে ৫৮ হাজার টাকা, ৮ম গ্রেডে ৪৬ হাজার টাকা, ৯মে ৪৪ হাজার টাকা এবং ১০ম গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের ক্ষেত্রে ১১শ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ থেকে বেড়ে ২৫ হাজার টাকায় উন্নীত হয়েছে। ১২তম থেকে ১৫তম গ্রেডে যথাক্রমে ২৪ হাজার ৩০০ টাকা, ২৪ হাজার টাকা, ২৩ হাজার ৫০০ টাকা এবং ২২ হাজার ৮০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে।
শেষ ধাপের গ্রেডগুলোর মধ্যে ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ টাকা, ১৮তম গ্রেডে ২১ হাজার টাকা এবং ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সর্বনিম্ন বা ২০তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সর্বমোট ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে।