কুমিল্লার মর্মান্তিক ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, পুলিশের দক্ষতায় সন্দেহভাজন তুহিনের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক আলামত পরীক্ষা করা হচ্ছে। রামিসা হত্যা মামলার মতো এই ঘটনার বিচারিক কাজও দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
কিশোর অপরাধ ও সামাজিকভাবে অপরাধ বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, গ্রেপ্তারদের সঙ্গে কিশোর অপরাধী চক্রের সখ্য ছিলো। প্রতিটি অপরাধের নেপথ্যে মাদক বা পর্নোগ্রাফির সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।
আইন ও সালিশ কেন্দ্রের উত্থাপিত বিষয়গুলো সরকার খতিয়ে দেখছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে যেকোনো অপরাধ সংঘটিত হওয়া মাত্রই সরকার দ্রুততম সময়ে ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তি বিভিন্ন কর্মসূচির নামে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে দেশের জনগণ আর গ্রহণ করবে না। তারা ডিসেম্বরে ফিরবে নাকি ফেব্রুয়ারিতে, সে দিকে সরকার মনোযোগ দিচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের ঘোষিত লংমার্চ যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কতো দ্রুত পদক্ষেপ নিচ্ছে, তার ওপর ভিত্তি করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
তিনি আরও জানান, তেজগাঁও এলাকায় একটি মসজিদে জড়ো হওয়া ২৩ জনের মধ্যে ১১ জনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিরা উগ্রবাদী তৎপরতার পরিকল্পনা করছিরো। উগ্রবাদের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে।
তিনি জানান, শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী একাধিকবার আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়েছে।
জ্বালানি সঙ্কট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান তেল ও গ্যাসের সমস্যা সরকারের সৃষ্ট কোনো সঙ্কট নয়। বিশ্ববাজারের তুলনায় দেশে পণ্যের যে দাম বেড়েছে, তা প্রতিবেশী দেশগুলোর চেয়ে এখনও অনেক কম।
মানববাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত আট মাসে ৩৬ শিশু লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।