বাস ভাড়া বাড়লো

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নতুন পুনঃনির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে এখন প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে দুই টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মেট্রোপলিটন এলাকা কিংবা জেলা পর্যায়, সব স্থানেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। খুব শিগগিরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে শিমুল বিশ্বাস জানান, গণপরিবহনের ভাড়া বাড়ানোর একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। সেই নীতিমালার আওতায় এবারও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সমন্বয়ের সুযোগ দেওয়া হয়।

তিনি আরও জানান, সরকারের পূর্বনির্ধারিত রেট অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা থাকলেও মালিক সমিতিকে তিন শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানানো হয়। শেষ পর্যন্ত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত হারের চেয়ে যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মালিক সমিতিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, মেট্রোপলিটন এলাকা কিংবা জেলা পর্যায়, সব স্থানেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। খুব শিগগিরই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।