স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। মঙ্গলবার, নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কূটনৈতিক ও উন্নয়ন ফোরামের এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সার্বিক আধুনিকায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে মূলত দেশের জনস্বাস্থ্য রক্ষা, শিশুমৃত্যু হ্রাস ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা, সাধারণ মানুষের নাগালে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ভ্যাকসিন নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সুফল পৌঁছানোর বিষয়গুলো প্রাধান্য পায়। পাশাপাশি বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করে আধুনিকায়ন ও শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষ বিশদ মতামত বিনিময় করেন।

আলোচনায় স্বাস্থ্যসেবার তৃণমূল পর্যায়ের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা বিশেষভাবে উঠে আসে। বিশেষ করে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ, নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের পথ সুগম করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনা তুলে ধরা হয়।

গেটস ফাউন্ডেশনের সিইও বাংলাদেশের এসব জনকল্যাণমুখী ও আধুনিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতের এই লক্ষ্যগুলো বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।