সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে বাংলাদেশের মতো উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সৃষ্ট বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি জাতিসংঘে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্কট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ ও ন্যায়সংগত অর্থায়নের তাগিদ দিয়েছেন তিনি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ আয়োজিত ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিসটেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি বহু দেশের অস্তিত্বের জন্য বড়ো হুমকি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভৌগোলিক ও সামাজিক সুরক্ষায় বিশ্বমঞ্চে ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একা না ছেড়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের শিকার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।