শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও চায় ঢাকা: শামা

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতিবেশী দেশটি এই ক্ষেত্রে ইতিবাচক সদিচ্ছা দেখাবে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে শনিবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনুষ্ঠানে জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, তবে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। ওই বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে আদালতের বিষয়টির পাশাপাশি এতে রাজনৈতিক সদিচ্ছাও বড়ো ভূমিকা রাখে।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস, সিলিকন ভ্যালি ও সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন প্রযুক্তি হাব পরিদর্শনের তথ্য জানান। তার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি গুগল, অ্যাপল, মেটা, সিসকো, এনভিডিয়া ও প্লাগ অ্যান্ড প্লের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টদের সদর দপ্তর পরিদর্শন ও বৈঠকে অংশ নেয়।

দুই দিনের এই সফরের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ এবং বাংলাদেশে প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়েও অগ্রগতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব রোধে বাংলাদেশে মেটার আনুষ্ঠানিক কার্যালয় খোলার বিষয়েও আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যালিফোর্নিয়া সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কখনই সান ফ্রান্সিসকো যাওয়ার কথা ছিলো না। গুজব বা গুঞ্জনে কান দেবেন না।

সামনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নির্ধারিত রয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগে অন্য কোনো দেশে সফর হবে কি না, তা যথাসময়ে জানানো হবে।