বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিদল আলোচনায় বসে। চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে আসা মার্কিন প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন।
বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে তাঁদের জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম জোরদার করা এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও আধুনিক দক্ষতা উন্নয়নে মার্কিন সহায়তার নানাদিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
বৈঠকে এমন সব গবেষণাক্ষেত্রে স্কলারশিপ প্রদান ও উৎসাহ দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়, যা সরাসরি বাংলাদেশের স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে গবেষণা জোরদারের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা খাতের সার্বিক মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রমে আরও গভীরভাবে সম্পৃক্ত করার কৌশলী রূপরেখা নিয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।