শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে চ্যালেঞ্জও আছে: মঈন খান

সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, জনসচেতনতার অভাব, স্থানীয় প্রশাসনিক জটিলতা এবং মৃত্যুনিবন্ধনে পরিবারের আগ্রহের ঘাটতির মতো নানামুখী চ্যালেঞ্জ রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা পুনরায় প্রবর্তনের উদ্যোগের কথা জানান। 

তিনি বলেন, ১৯৮০ ও ২০০৩ সালের গ্রাম সরকার আইন রহিত করা হয়েছিরো। সেই আইনগুলোকে নতুন করে সমন্বয় করে একটি আধুনিক গ্রাম সরকার আইন প্রণয়ন করবে সরকার। এটি কার্যকর হলে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় গতি ও স্বচ্ছতা আসবে।

অতীতে সঠিক জনসংখ্যার হিসাব না থাকা সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা করার সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি বাসযোগ্য দেশ ও শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ গণতান্ত্রিক পরিবেশে নির্বিঘ্নে বসবাস করতে পারে। গ্রামপর্যায়ে এখনো জন্ম ও মৃত্যু নিবন্ধনের তারিখ পরিবর্তনে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধে সরকার কঠোর ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে।