প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা ২২ দিন এগিয়ে দিয়েছে সরকার। মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর, নদ-নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে।
বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, নিষেধাজ্ঞার সময় কোনোভাবেই দেশের জলসীমায় ইলিশ আহরণের অবৈধ প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এ সময়ের মধ্যে প্রজনন ক্ষেত্রে কোনোভাবেই মা ইলিশ ধরা যাবে না।
আরও পড়ুন: ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার
মন্ত্রী বলেন, মা ইলিশ থাকতে পারে এমন নদীতে কোনো নৌকাকে মাছ ধরতে দেওয়া হবে না। নৌ পুলিশ ও কোস্টগার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হবে, যেন কোনো নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে। এমনকি বিদেশ থেকে কোনো মাছ ধরার যান্ত্রিক নৌযান এলে সেটাকেও আইনানুগ প্রক্রিয়ায় আটক করা হবে।
নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে প্রতিজন জেলেকে ২০ কেজি করে সরকারি সহায়তার চাল বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
জানা যায়, এসময় ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।
একাত্তর/আরএইচ