পদত্যাগের ঘোষণা দিতে প্রেসক্লাবে ইশরাক হোসেন

নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার পর তিনি প্রেস ক্লাবে পৌঁছান। সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এর আগে সোমবার সকালেই নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রেস ক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা নিজেই নিশ্চিত করেছিলেন ইশরাক। পোস্টে আক্ষেপের সুরে তিনি লেখেন, "আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ। ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।"

একই পোস্টে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাঠপর্যায়ে কাজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!

ঘটনার নেপথ্যে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন গেন্ডারিয়ার রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন। অভিযানে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়া ও প্রদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

এরই প্রেক্ষিতে রোববার রাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ একাধিক গণমাধ্যমে খবর চাউর হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। যদিও প্রাথমিকভাবে এই খবরটিকে ‘গুজব’ বলে আখ্যায়িত করে সবাইকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ইশরাক হোসেন, তবে সোমবার দুপুরেই নিজে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ঘটনাটির চূড়ান্ত পরিণতি ঘটল।