সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন বিভাগের প্রধান তিনটি জেলা- রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম সফর করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুরে যাবেন, সেখান থেকে রাজশাহী হয়ে সবশেষে চট্টগ্রাম সফর করবেন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো সরকারপ্রধান রাজধানী ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে সরাসরি পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে উপস্থিত ভক্ত ও পূজারীদের সঙ্গে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে তিনি রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
রংপুরের কর্মসূচির পর তিনি রাজশাহীর বিমানবন্দরে পৌঁছাবেন এবং দুপুর দেড়টায় সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে সাময়িক বিরতি শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
রাজশাহীর সফর শেষে তিনি বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে একই দিন রাতে বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে গত রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সাথে ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার মহাসমারোহে দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে এবং পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই সর্ববৃহৎ শারদীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।