রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ

প্রধানমন্ত্রীর সফরকালে বিমানবন্দরে অসৌজন্যমূলক ও প্রটোকলবিরোধী আচরণের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকলেও আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়। প্রজ্ঞাপন পাওয়ার পর রাত ১১টার মধ্যেই পদ ছেড়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য হন ইউসুফ আলী। দায়িত্ব সমর্পণের পর রাতেই তিনি বিশেষ ব্যবস্থায় ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর শেষ করে ফিরে যাওয়ার সময়। রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার সময় বিভাগীয় কমিশনারের দিকে হাত বাড়ালে ইউসুফ আলী এক ধাপ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করেন এবং অন্য হাত দিয়ে প্রধানমন্ত্রীর পেছন দিক স্পর্শ করার চেষ্টা করেন। এতে প্রধানমন্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করে পিছিয়ে যান এবং তাকে সারিতে ফিরে যাওয়ার পরামর্শ দেন। প্রটোকল ভেঙে এমন অসংযত আচরণের কারণেই তাঁর বিরুদ্ধে এই তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনকল এড়িয়ে যান তারা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়কসহ স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে একে প্রটোকল ভঙ্গের স্পষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড সংক্রান্ত রাজনৈতিক উত্তেজনার জেরে তৎকালীন বিভাগীয় কমিশনারকে সরানোর পর ইউসুফ আলীকে রাজশাহীর দায়িত্ব দেয়া হয়েছিল। দায়িত্ব নেয়ার মাত্র দু’মাসের মাথায় একই পদে আবারও এমন আকস্মিক প্রত্যাহারের ঘটনা ঘটল।