বিশ্বজুড়ে হাইব্রিড যুদ্ধ, প্রধান গণমাধ্যমকেও সতর্ক হতে হবে: তিতুমীর

প্রচলিত যুদ্ধের পরিবর্তে বিশ্বজুড়ে এখন ‘হাইব্রিড যুদ্ধ’ চলছে এবং অপতথ্য ও ভুয়া তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (বিআইএনএসএস) আয়োজিত ‘মিথ্যা ও অপতথ্য: জাতীয় নিরাপত্তার ওপর হুমকি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা তিতুমীর বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, কখনো কখনো দেশের প্রধান প্রধান গণমাধ্যমেও পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন না করার ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ ধরনের অপতথ্যের শিকার বাংলাদেশ সেনাবাহিনীও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা তথ্য মোকাবিলায় কার্যকর কৌশল প্রণয়নের আহবান জানান তিনি।

আলোচনা সভায় বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হওয়ার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন উপদেষ্টা। একই সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি হস্তান্তরের ওপর সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি।