পুলিশ প্রধানের ‘ক্রসফায়ার’ মন্তব্যে টিআইবির উদ্বেগ-নিন্দা

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যা চালাবে, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) এমন মন্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার একটি বিপজ্জনক বার্তা এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা।

সোমবার বিকেলে দেয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অপরাধ দমনে ব্যর্থতার ঢাল হিসেবে ক্রসফায়ারকে সামনে আনা প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং পেশাগত দেউলিয়াত্বের শামিল। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নির্বাহী সিদ্ধান্তে বাতিল করার কোনো সুযোগ নেই। অতীতে সিনহা হত্যা, একরামুল হকের মৃত্যু কিংবা নারায়ণগঞ্জের সাত খুনের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, পুলিশের দায়িত্ব পেশাদার তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে বিচারের মুখোমুখি করা, কাউকে হত্যা করা নয়।

টিআইবি আরও জানায়, এর আগে আইনমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না। এমন ঘোষণার পরও আইজিপির এই বক্তব্য সরকারের নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের ঢালাও অভিযোগের সমালোচনা করে সংস্থাটি জানায়, মুক্ত গণমাধ্যমের স্বাধীন ভূমৃকাকে প্রশ্নবিদ্ধ না করে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

পরিশেষে, আইজিপির এই বেপরোয়া ও অপরিণামদর্শী বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার এবং তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারণের জোরালো দাবি জানিয়েছে টিআইবি।