যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে এবং বাকি অংশেও দ্রুত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এক জরুরি বার্তায় বিদ্যুৎ বিভাগ জানায়, আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের জন্য জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। ইতিমধ্যে বহু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং অবশিষ্ট এলাকাগুলোতেও স্বল্পতম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
এর আগে হঠাৎ করেই ঢাকা ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরে এক প্রকার স্থবিরতা তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতির ব্যাখায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, মূলত মেঘনাঘাট-হরিপুর জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পড়ার কারণেই এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। পিডিবি নিশ্চিত করেছে যে অচল হয়ে পড়া গ্রিড সচল ও মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যাতে দ্রুততম সময়ে পুরো ব্যবস্থা স্বাভাবিক করা যায়।