পিরোজপুরে সাঈদীর মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, এই অনভিপ্রেত ঘটনার রাজনৈতিক পরিণতি দলটিকে ভোগ করতেই হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তাঁর শেষ বিদায় ও দাফনের সঙ্গে এমন আচরণ কেউ কখনো সঠিকভাবে নেয়নি এবং সমাজ এটিকে কোনোভাবেই সমর্থন করবে না। অতীতেও মৃত ব্যক্তির মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ যাঁরা করেছেন, তা দেশের সাধারণ মানুষ পছন্দ করেনি উল্লেখ করে তিনি বলেন, একটা মানুষ যখন মারা যান, তখন আসলে তিনি এই অধিকার রাখেন যে তিনি মারা গেছেন এবং তাঁর বিচার পরবর্তীতে সৃষ্টিকর্তার কাছে হবে। তাই যারা এই কাজগুলো করেন, তারা সমাজে শেষ পর্যন্ত নিগৃহীত হবেন এবং কোনো প্রশংসাই পাবেন না।
উল্লেখ্য, গত শনিবার পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো এবং দাফন করার সময় জামায়াত নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ লাইনসে গার্ড অব অনার প্রদান শেষে গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে দাফন করা হয়। এমনকি বাধার মুখে প্রয়াতের নারী স্বজনদের নিজ হাতে কবর খুঁড়তে বাধ্য হওয়ার মর্মান্তিক অভিযোগও পাওয়া গেছে।
সংখ্যালঘু ও মন্দির বা বাড়িঘরে হামলা এবং সাম্প্রদায়িক উগ্রপন্থিদের তৎপরতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবং কেউই আইনের বিচারের বাইরে থাকবে না।
রংপুরের পীরগঞ্জে হিন্দু পরিবারের দোকান ও বাড়িঘরে সাম্প্রতিক লুটপাট ও হামলার ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতীতেও মব জাস্টিস বা নাস্তিকতার ট্যাগ দিয়ে মানুষ পিটিয়ে হত্যার মতো বর্বরোচিত ঘটনায় জড়িতদের এবং উসকানিদাতাদের সরকার কোনো ছাড় দেয়নি এবং দ্রুত গ্রেপ্তার করেছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং এ ধরনের অপরাধমূলক প্রবণতা কঠোরহস্তে দমন করা হবে বলে আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা।