জলবায়ু তহবিল ও সবুজ অর্থনীতিতে জোর বাংলাদেশের

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন সহজীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে লন্ডনে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এমপি এবং যুক্তরাজ্যের ক্লাইমেট সংক্রান্ত বিশেষ প্রতিনিধি র্যাচেল কাইট অংশ নেন। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ অব্দুল মুহিত উপস্থিত ছিলেন।

বৈঠকে মূলত জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি (অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স), জলবায়ু তহবিলে প্রবেশাধিকার সুগম করা, কার্বন মার্কেট এবং ‘গ্রিন ও ব্লু ইকোনমি’ বা সবুজ ও সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ সৃষ্টিসহ পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া নানা যুগান্তকারী পদক্ষেপ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু সুরক্ষায় স্থানীয় জনসম্পৃক্ততার চিত্র তুলে ধরেন। এ সময় উভয় প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুদের ওপর সৃষ্ট অসম ঝুঁকি ও প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যা সমাধানে যৌথ প্রযুক্তিগত উদ্ভাবন ও বিশ্বব্যাপী গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31)-কে সামনে রেখে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, অভিযোজন কৌশল এবং যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় দেশ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।