নেপালের বিদ্যুৎ আবারও আসছে বাংলাদেশে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

ভোতেনদী ও ভোতেকোশির ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো সাময়িকভাবে থমকে গিয়েছিলো। সেই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠে গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আবারও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে শুরু করেছে নেপাল।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ আগস্টের আকস্মিক বন্যায় ত্রিশূলী ও চিলিম জলবিদ্যুৎকেন্দ্র দুটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বাংলাদেশের জন্য অনুমোদিত প্রধান কেন্দ্র দুটি তছনছ হয়ে যাওয়ায় সাময়িকভাবে এই রপ্তানি বন্ধ হয়ে যায়, যা ভারতের হরিয়ানা রাজ্যে পাঠানো বিদ্যুতৈও নেতিবাচক প্রভাব ফেলেছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দেয়ার পর এই বাণিজ্য পুনরায় শুরু করা সম্ভব হয়েছে। নতুন এই কাঠামো অনুযায়ী, এখন থেকে নেপালের ‘সোলু খোলা’ এবং ‘কাবেলি বি-ওয়ান’ জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে। আর ভারতের হরিয়ানায় বিদ্যুৎ পাঠানোর জন্য নির্বাচিত করা হয়েছে ‘লোয়ার মোদি খোলা’ কেন্দ্রটিকে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর এনইএ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ঋতুভিত্তিক পাঁচ বছরের এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বর্ষা ও পরবর্তী সময়ে নেপাল বাংলাদেশকে দৈনিক ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বন্যাজনিত ক্ষয়ক্ষতি সত্ত্বেও বিদ্যুৎ বাণিজ্য ও অর্থনীতিতে দারুণ সাফল্য দেখাচ্ছে নেপাল। এনইএ-র লোড ডেসপ্যাচ সেন্টারের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে নেপাল ভারতে ৬৩৩ দশমিক ৯৮৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ বিক্রি করে ৫ দশমিক ৯২৫ বিলিয়ন রুপি আয় করেছে। যা গত বছরের একই সময়ের (৪ দশমিক ৯৬৩ বিলিয়ন রুপি) চেয়ে ৯৬২ মিলিয়ন রুপি বেশি। সব মিলিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই নেপাল মোট ১৬ দশমিক ১৫১৩ বিলিয়ন রুপির বিদ্যুৎ বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে।

নিজ দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর যে উদ্বৃত্ত বিদ্যুৎ থাকে, কেবল সেটুকুই ভারতে ও বাংলাদেশে বিক্রি করে এনইএ। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ পাঠাতে পারা এবং রাজস্ব বৃদ্ধির এই ঘটনাকে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতার ক্ষেত্রে একটি ইতিবাচক ও বড় সাফল্য হিসেবে দেখছেন এনইএ-র ব্যবস্থাপনা পরিচালক।

একাত্তর/এআরএস
দক্ষিণ এশিয়ায় ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ। বিশ্বব্যাপী ক্ষুধা পরিস্থিতির ওপর প্রকাশিত 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৬' (জিএইচআই) বা বৈশ্বিক...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
বর্তমান যুগে যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, ঠিক সেখানে সততা ও মানবিকতার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইলের সখীপুরের দুই বন্ধু- আবু রাহাত ও আবু সোহান। রাস্তায়...
টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান মানেই যেন নিত্যদিনের চাউর হওয়া কোনো নতুন বিতর্ক কিংবা আলোচনার ঝড়! এবারের বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে আবারও নেটদুনিয়ার এক শ্রেণির মানুষের তীব্র...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
ভারতের আধুনিক চিত্রকলার জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই। রোববার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর