প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চার সদস্যের কমিটি

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেখা দেয়া কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কমিটিতে প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং প্রধানকে সভাপতি এবং চিফ ইঞ্জিনিয়ারকে (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) সদস্য করা হয়েছে। এছাড়া ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) সদস্য এবং ব্যবস্থাপক (আইন বিষয়ক) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ ও নিখুঁত তদন্তের স্বার্থে এই কমিটি বিমানের যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে যুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতা দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

গঠিত এই কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে চার কার্যদিবসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশটিতে চার দিনের সফল সরকারি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন এবং একাধিক জাপানি বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের সিইও ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বিনিয়োগ নিয়ে বৈঠক করেন।

সফর শেষে গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট 'বিজি ৭৭৭'। তবে যাত্রা পথে উড়োজাহাজটিতে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার কারণেই এই তদন্ত নির্দেশ দিল কর্তৃপক্ষ।