সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন উপনির্বাচনে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য— ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে নতুন দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরল ইসলাম মনিসহ অন্য হুইপবৃন্দ।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার সম্পূর্ণ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ বইয়ে সই করেন।

সোমবার (২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।   

এর আগে ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে দুই লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন।