চার দিন কি গ্যাস বন্ধ থাকবে? যা জানালো পেট্রোবাংলা

‘আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে সর্বসাধারণকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী চার দিন পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন ভুয়া তথ্য দিয়ে একটি অসাধু মহল বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে নকল ‘ফটোকার্ড’ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এটি জনমনে অহেতুক আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা মাত্র, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

গ্যাস সরবরাহের প্রকৃত চিত্র তুলে ধরে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এর ফলে টার্মিনালটি থেকে পুনর্গ্যাসীকরণ (রিগ্যাসিফিকেশন) প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এমতাবস্থায় আগামী চার দিন দৈনিক সর্বমোট গ্যাস সরবরাহ দুই হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কিছুটা কমে দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

জনগণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার ওপর আস্থা রাখতে সবার প্রতি আহবান জানানো হচ্ছে।