দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বহুগুণ বাড়াতে চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলা বন্দর চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোংলা বন্দরের লজিস্টিকস ও গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হাতে নেওয়া এই প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হবে। এর মধ্য দিয়ে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক বাণিজ্যে বন্দরটির বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। মোংলা বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা। বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে তার কর্মসূচি অনুযায়ী বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি সড়কপথে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।