দেশের অভ্যন্তরীণ আকাশে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম বাড়লেও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম কিছুটা কমানো হয়েছে।
বৃহস্পতিবার জ্বালানি খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নির্ধারিত দর ঘোষণা করে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত অক্টোবর মাসে এই দাম ছিল লিটারপ্রতি ১৮২ টাকা ৭১ পয়সা। ফলে অক্টোবরের তুলনায় নভেম্বরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার উড়োজাহাজের জ্বালানিতে দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে পরিচালিত ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত এই মূল্য আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা (রাত শূন্যটা) থেকেই কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দর বহাল থাকবে।