পরীমনির আচরণের নিন্দা জানালেন রাশেদ খাঁন

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির অশালীন আচরণ এবং সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী সাংবাদিক রাজুর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সেই ঐতিহাসিক ও বহুল আলোচিত বক্তব্যের পেছনের গল্প তুলে ধরেন। তিনি লেখেন, সে দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে নুরুল হক নুরকে যখন কোর্টে তোলার প্রস্তুতি নেয়া হচ্ছিল, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু অত্যন্ত সাহসিকতার সঙ্গে নুরকে আন্দোলনের বার্তা নিয়ে প্রশ্ন করেন। রাজুর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই নুর তাঁর বিখ্যাত মন্তব্যটি করেছিলেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও’। রাজুর ধারণ করা ভিডিওটি মুহূর্তের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণকে নতুন শক্তি ও সাহস যুগিয়েছিল।

সাংবাদিক রাজুর পেশাদারিত্ব ও ব্যক্তিজীবনের প্রশংসা করে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, রাজু অত্যন্ত অমায়িক, ভদ্র ও পরিপাটি একজন সাংবাদিক। তাঁর এক হাতে জন্মগত ত্রুটি থাকা সত্ত্বেও তিনি কখনো দমে যাননি, বরং নিজের মেধা ও দক্ষতা দিয়ে পেশাগত জীবনে অনন্য অবদান রেখে চলেছেন। স্বাভাবিক অনেকের চেয়েও তাঁর ক্যামেরা ফ্রেম ও ভিডিও এডিটিংয়ের কাজ অত্যন্ত প্রশংসনীয়।

আদালত প্রাঙ্গণে পরীমনি কর্তৃক সাংবাদিক রাজুকে অন্যায্যভাবে অপদস্থ ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে রাশেদ খাঁন তাঁর বার্তায় স্পষ্ট জানিয়ে দেন, এই কঠিন সময়ে তাঁরা সর্বাত্মকভাবে সাংবাদিক রাজুর পাশে রয়েছেন।