বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজের সদস্য সোফি

  • নারী ক্ষমতায়ন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা, ঢাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে সাক্ষাৎ

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধে আয়োজিত এই সফরে ডাচেস সোফি সোমবার থেকে বুধবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। রয়্যাল কমিউনিকেশন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, সফরে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা তুলে ধরতে নানা সামাজিক সংস্থা ও তরুণদের সঙ্গে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

Shophi 01
রাজধানী ঢাকায় অবস্থানকালে ডাচেস অব এডিনবরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে মূলত নারী ও শিশুদের কল্যাণ, সুরক্ষা এবং সার্বিক ক্ষমতায়নের ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিষয়গুলো জোর গুরুত্ব পাবে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য ভূমিকা এবং বৈশ্বিক শান্তি ও সুরক্ষায় নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরতে তিনি গাজীপুরের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং’ (বিপসট) পরিদর্শন করবেন।

এ ছাড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী অগ্রযাত্রাকে উৎসাহিত করতে তিনি ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ (বিকেএসপি) পরিদর্শন করবেন এবং সেখানে নারী হকি খেলোয়াড়সহ সম্ভাবনাময় তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তরুণদের এক বিশেষ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সোফি।


Shophi 03সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে ডাচেস সোফি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে বাস্তুচ্যুত পরিবার, নারী ও শিশুদের মৌলিক সুরক্ষা এবং মানবিক সহায়তা দানকারী সংস্থাগুলোর কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন তিনি।

উল্লেখ্য, ডাচেস অব এডিনবরা সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। এর আগে ২০১৭ সালে কাউন্টেস অব ওয়েসেক্স হিসেবে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

২০২১ সালে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের প্রয়াণের পর, ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লস তাঁর ভাই প্রিন্স এডওয়ার্ডকে এই রাজকীয় উপাধিতে ভূষিত করেন, যার পর থেকে সোফি 'ডাচেস অব এডিনবরা' হিসেবে দায়িত্ব পালন করছেন।