পররাষ্ট্র প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯তম সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সচিব আসাদ আলম সিয়ামের সম্মানার্থে এক সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বরণ ও পরিচয় করিয়ে দেয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়ামকে নতুন দায়িত্বে ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নয়াদিল্লিতে পাঠানো হচ্ছে। নয়া দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশন পরিচালনার গুরুদায়িত্ব পালন করবেন তিনি।
পররাষ্ট্র সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পররাষ্ট্র সচিব পদে চূড়ান্ত মনোনীত হওয়ার পর সম্প্রতি সরকার তাকে জাতিসংঘ সদরদপ্তর থেকে ঢাকায় ফিরিয়ে আনে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময়ও তিনি সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাতিসংঘে দায়িত্ব নেয়ার পূর্বে সালাহউদ্দিন নোমান চৌধুরী নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনারসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইং ও বহুপাক্ষিক সংস্থায় তাঁর দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে।
পেশাদার এই কূটনীতিকের নেতৃত্বে বাংলাদেশের বহির্বিশ্ব কূটনীতি আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।