ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে

নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া আরও ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, প্রাক-কাউন্সেলিং এবং নিজ নিজ এলাকায় পৌঁছানোর জন্য পরিবহন খরচের আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বুধবার সকালে ইউরোপ থেকে ফেরত আসা ৪৪ বাংলাদেশির মধ্যে একজন নারীও রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিমানবন্দরে তাদের জরুরি খাবার ও যাতায়াত ভাতা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মসংস্থানের জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গটি তুলে ধরে শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষে ছিলেন। তবে চলতি বছরের তথ্যানুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা এখন প্রথম সারিতে। এভাবে বিপজ্জনক পথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটছে।

ইউরোপের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন চরম কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে প্রবেশকারীদের আশ্রয়ের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে। ‘যেমন-তেমনভাবে ইউরোপ পৌঁছালেই জীবন বদলে যাবে’—এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে অনিয়মিত পথে ইউরোপ যাত্রায় উৎসাহ দিতেন। এ কারণে বিদেশগামীদের ঝুঁকির বিষয়ে সচেতন হওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে যাওয়ার তাগিদ দেন তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে একইভাবে ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিলো।

অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ চুক্তি সই করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন, যাদের সিংহভাগই সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে এসেছেন। ব্র্যাকের তথ্য অনুযায়ী, ফেরত আসাদের বড়ো অংশ এসেছে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। অনিয়মিত যাত্রা রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এখন বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়াও জোরদার করছে।